বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি আনলো ইনফিনিক্স

১২ মার্চ, ২০২৩ ১৭:৪৫  

স্মার্টফোন গ্রাহকদের কাছে চার্জিং প্রযুক্তি আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্বের বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা দ্রুততর চার্জিং প্রযুক্তি বাজারে আনার জন্য নিরন্তর কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আবিস্কৃত বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তিটি প্রকাশ করেছে ইনফিনিক্স।

এই নতুন অল-রাউন্ড ফাস্টচার্জ সিস্টেমের মধ্যে একটি ২৬০ ওয়াটের ওয়্যার্ড চার্জার রয়েছে, যা মাত্র এক মিনিটে ০% থেকে ২৫% পর্যন্ত ফোনের ব্যাটারি চার্জ করতে সক্ষম।

ইনফিনিক্সের দাবি, এই চার্জিং গতির সাথে কোনও ফোন ১০০% চার্জ হতে ৮ মিনিটেরও কম সময় নেবে। এছাড়াও, ইনফিনিক্স একটি নতুন ১১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সলিউশনও বাজারে এনেছে, যা মাত্র ১৬ মিনিটে ফোনের ব্যাটারি ০% থেকে ১০০% চার্জ করতে সক্ষম।

নতুন চার্জিং প্রযুক্তিটি চলতি বছরের শেষের দিকে ইনফিনিক্স নোট সিরিজের স্মার্টফোনের সাথে উন্মোচন হবে বলে জানা গেছে।

ডিবিটেক/বিএমটি